
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বড় চমক দেখিয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ বা টিভিকে। একক বৃহত্তম দল হিসেবে ১০৮টি আসনে জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনও ১০ আসন দূরে রয়েছে দলটি।
নির্বাচনের ফল প্রকাশের পর সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালের বাসভবনে যান থালাপতি বিজয়। সেখানে রাজ্যপাল আরভি আরলেকারের সঙ্গে বৈঠকে তিনি জানান, কংগ্রেসের ৫ জন সদস্য তার প্রতি সমর্থন জানিয়েছেন। তবে তাতেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হচ্ছে না।
এখন সরকার গঠনের জন্য বামপন্থী দল সিপিআই, ভিসিকে এবং পিএমকের মতো ছোট দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হচ্ছে টিভিকেকে। এসব দলের সমর্থন মিললে বিজয়ের আসন সংখ্যা ১২৩-এ পৌঁছাতে পারে।
তবে রাজনৈতিক সমীকরণকে জটিল করে তুলেছে আদর্শিক বিভাজন। বিশেষ করে পিএমকের বিজেপির সঙ্গে সম্পর্ক এবং ভিসিকের ডিএমকের সঙ্গে ঘনিষ্ঠতা নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের ডিএমকে-এআইএডিএমকে কেন্দ্রিক রাজনীতিতে থালাপতি বিজয়ের উত্থান তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে।