
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালাতে আগ্রহী ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা নীতিনির্ধারকরা। এ বিষয়ে নিজেদের অবস্থান যুক্তরাষ্ট্রকে পাঠানো এক বার্তায় স্পষ্ট করেছে তেলআবিব। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশন আইপিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল মনে করছে ইরানের সঙ্গে চলমান আলোচনা বা সমঝোতার প্রচেষ্টা শুধু সময় নষ্ট করছে। মধ্যপ্রাচ্যে বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনাকে কাজে লাগিয়ে ইরানের মূল ভূখণ্ডে আবারও হামলা চালানোর পরিকল্পনা করছে দেশটি।
আইপিবিসি জানিয়েছে, ওয়াশিংটনের কাছে পাঠানো বার্তায় ইসরায়েল স্পষ্টভাবে জানিয়েছে যে তারা যেকোনো উপায়ে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করার পথ খুঁজছে।
এদিকে গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কর্মকর্তারা যৌথভাবে ইরানে সম্ভাব্য হামলার জন্য নতুন লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন তালিকায় ইরানের বিভিন্ন অপরিশোধিত তেল শোধনাগার ও জ্বালানি সংশ্লিষ্ট স্থাপনাকে গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।