.
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বুথফেরত সমীক্ষায় এগিয়ে বিজেপি, বদল আসছে ক্ষমতায়?

Email :2

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই প্রকাশ্যে আসতে শুরু করেছে বুথফেরত সমীক্ষার ফলাফল—আর তাতেই তৈরি হয়েছে নতুন জল্পনা।

বিভিন্ন সমীক্ষা সংস্থার তথ্য অনুযায়ী, এবার রাজ্যে ক্ষমতার পালাবদলের ইঙ্গিত মিলছে। বেশিরভাগ জরিপেই এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), যা রাজনৈতিক মহলে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে।

পি-মার্ক নামে একটি সংস্থার জরিপ অনুযায়ী, বিজেপি পশ্চিমবঙ্গে ১৫০ থেকে ১৭৫টি আসন পেতে পারে। অন্যদিকে, বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস পেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসন। এই সমীক্ষায় অন্যান্য কোনো দলকে আসন দেওয়া হয়নি।

একই ধরনের চিত্র দেখা গেছে ম্যাট্টিজ্র-এর জরিপেও। তাদের মতে, বিজেপি ১৪৬ থেকে ১৬১টি আসন পেতে পারে, যেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১২৫ থেকে ১৪০টি আসন। অন্যান্য দল পেতে পারে ৬ থেকে ১০টি আসন।

অন্যদিকে, পোল ডায়রি নামের আরেকটি সংস্থাও জানিয়েছে, বিজেপি ১৪২ থেকে ১৭১টি আসন পেতে পারে। সেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য আসন সংখ্যা ৯৯ থেকে ১২৭।

পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা ২৯৪টি। সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে ১৪৮টি আসন। সমীক্ষাগুলোর হিসাব অনুযায়ী, বিজেপি সেই সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

বুথফেরত সমীক্ষা সাধারণত ভোটারদের মতামত, ভোটের দিন মাঠের পরিস্থিতি এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয়। তবে এগুলো চূড়ান্ত ফল নয়—এগুলো কেবল সম্ভাব্য চিত্র তুলে ধরে।

সব জল্পনা-কল্পনার অবসান হবে আগামী ৪ মে, যখন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। তখনই স্পষ্ট হবে, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হচ্ছে কিনা। বুথফেরত সমীক্ষা অনেক সময় সঠিক ইঙ্গিত দিলেও, সবসময় তা বাস্তব ফলাফলের সঙ্গে মেলে না। তবে এবারের সমীক্ষাগুলো যে একটি বড় রাজনৈতিক পরিবর্তনের আভাস দিচ্ছে—তা বলাই যায়।

এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ভোটের ফলাফল কি এই পূর্বাভাসকে সত্যি প্রমাণ করে, নাকি তৈরি হয় নতুন কোনো চমক।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts