
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৯ এপ্রিল) দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, আকাশে ঘন কালো মেঘ দেখা গেলে বা বজ্রধ্বনি শোনা মাত্রই সবাইকে ঝুঁকিপূর্ণ স্থান ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে যেতে হবে।
অধিদপ্তর জানিয়েছে, বজ্রধ্বনি শোনা গেলে পরিবারের সবাইকে ঘরের ভেতরে অবস্থান করতে হবে। এ সময় মাঠে খেলাধুলা, ঘুড়ি ওড়ানো বা খোলা স্থানে দলবদ্ধ হয়ে থাকা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ঘরের ভেতরে থাকলেও দরজা-জানালা বন্ধ রাখা এবং জানালার গ্রিলসহ ধাতব অংশ স্পর্শ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাইরে অবস্থান করলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গাছের নিচে বা ধাতব ছাউনির নিচে আশ্রয় নেওয়া ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া নদী, হাওর বা জলাশয়ে নেমে মাছ ধরা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বজ্রধ্বনি শোনা মানেই বজ্রপাতের ঝুঁকিতে থাকা। তাই শেষ বজ্রধ্বনি শোনার পরও অন্তত ৩০ মিনিট নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে