
৬৩ কোটি টাকায় বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনলো বিটিভি, সব ম্যাচ দেখানো হবে সরাসরি
প্রিয় দর্শক, বিশ্বকাপ ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় সুখবর। ফিফার কাছ থেকে ভ্যাট ও ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব কিনেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। ফলে বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে দেশের দর্শকদের জন্য।
মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, জনগণের স্বার্থ বিবেচনায় রেখে বিটিভির মাধ্যমে বিশ্বকাপ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। শুধু বিটিভিই নয়, আরও দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম এবং মোবাইল অপারেটরদের মাধ্যমেও খেলা দেখার সুযোগ থাকবে।
প্রতিমন্ত্রী জানান, অতীতে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব কিনতে অনেক বেশি অর্থ ব্যয় করা হয়েছিল। তবে এবার সরকার সরাসরি ফিফার সঙ্গে আলোচনা করে তুলনামূলক কম খরচে স্বত্ব অর্জন করতে সক্ষম হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, প্রথমে প্রায় ২০০ কোটি টাকার একটি প্রস্তাব দেওয়া হলেও সরকার তা গ্রহণ করেনি। পরবর্তীতে সরাসরি আলোচনার মাধ্যমে মাত্র ৪৭ কোটি টাকায় সম্প্রচার স্বত্ব নিশ্চিত করা হয়। ভ্যাট ও ট্যাক্স যুক্ত হলে মোট ব্যয় দাঁড়ায় ৬৩ কোটি টাকা।
সরকারের দাবি, এই উদ্যোগের ফলে জনগণ সহজে এবং কম খরচে বিশ্বকাপের সব ম্যাচ উপভোগ করতে পারবেন, একই সঙ্গে রাষ্ট্রীয় অর্থেরও সাশ্রয় হবে।
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দেশের কোটি কোটি দর্শকের আগ্রহের মধ্যে এই ঘোষণা নতুন উচ্ছ্বাস তৈরি করেছে।