১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি রাত ১২:৩৫ মঙ্গলবার গ্রীষ্মকাল
ঢাকা-৪ সংসদীয় আসন বা শ্যামপুর-কদমতলী থানাকে সারা দেশের মধ্যে একটি দৃষ্টান্তমূলক সুখী, সমৃদ্ধ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ। তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন যে, নির্বাচিত হলে এই এলাকায় অপরাধী ও তাদের পৃষ্ঠপোষকদের কোনো স্থান হবে না।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কদমতলী থানার ৬১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।
নিরাপত্তা ও আইনের শাসনে জিরো টলারেন্স
প্রচারণাকালে তানভীর আহমেদ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, “আমার লক্ষ্য শ্যামপুর-কদমতলীকে এমন একটি এলাকায় রূপান্তর করা, যেখানে মা ও বোনেরা দিন-রাত যেকোনো সময় পূর্ণ নিরাপত্তা অনুভব করবেন।” অপরাধ দমনে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, অন্যায়কারী যেই হোক এবং তাদের প্রশ্রয়দাতা যত শক্তিশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি নিজ দলের কেউ যদি অপকর্মের সঙ্গে জড়িত থাকে, তবে তাকে সবার আগে আইনের আওতায় আনা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
আবেগঘন আবেদন ও দায়বদ্ধতা
ভোটারদের সঙ্গে আলাপচারিতায় এই প্রার্থী নিজেকে এলাকার সন্তান হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, “এলাকার উন্নয়নে কাজ করার জন্য আমাকে কারও চাপ প্রয়োগ করতে হবে না। আপনাদের অকৃত্রিম ভালোবাসাই আমাকে কাজের প্রতি আগ্রহী ও দায়বদ্ধ করেছে।”
অভিভাবকতুল্য ভোটারদের উদ্দেশ্যে তিনি বিনয়ের সঙ্গে বলেন, “আপনারা আমার বাবা-মায়ের মতো। আমি যদি কোনো ভুল করি, তবে আমাকে শাসন করবেন, উপদেশ দেবেন। আমি তাৎক্ষণিকভাবে নিজের ভুল শুধরে নিয়ে আপনাদের সেবা করার চেষ্টা করব।”
প্রচারণায় উৎসবমুখর পরিবেশ
শনিবার সকাল ১০টার দিকে কদমতলীর কুদরত আলী বাজার এলাকা থেকে দিনের কর্মসূচি শুরু করেন তানভীর আহমেদ। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী হাতে লিফলেট ও প্রতীকী ধানের শীষ নিয়ে মিছিলে অংশ নেন। প্রার্থী নিজে রাস্তার ধারের দোকানদার, রিকশাচালক ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে লিফলেট তুলে দেন। অনেক সমর্থক এ সময় প্রার্থীর সঙ্গে ছবি ও সেলফি তোলেন।
দিনভর তিনি দনিয়া, পুরাতন দনিয়া, দক্ষিণ দনিয়া, সরাই, দক্ষিণ কুতুবখালী, কবিরাজবাগ, রসুলপুর, দাসপাড়া, নয়াপাড়া ও উত্তর দনিয়ার বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করেন। বিরামহীন প্রচার শেষে সন্ধ্যায় দনিয়া বাজারে গিয়ে গণসংযোগ কর্মসূচির সমাপ্তি টানেন ঢাকা-৪ আসনের এই প্রার্থী।
Analysis | Habibur Rahman