
বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পরপরই আলোচনার জন্ম দিয়েছেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তিনি এমন একটি মন্তব্য করেন, যা ইতোমধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিনেশ ত্রিবেদী বলেন, ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি মানুষ মিলিয়ে ১৬০ কোটির একটি বিশাল জনশক্তি তৈরি হয়। তার মতে, দুই গণতান্ত্রিক দেশের শক্তি ও প্রতিভা একসঙ্গে কাজ করলে তা বিশ্বমঞ্চে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে।
তিনি আরও বলেন, শুধু একটি দেশের শক্তি যথেষ্ট নয়, বরং ভারত ও বাংলাদেশের সম্মিলিত শক্তিই হবে প্রকৃত শক্তি। খেলাধুলা, স্বাস্থ্য, প্রযুক্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
সীমান্তে পুশইন, ভ্রমণ এবং বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত ও বাংলাদেশ অভিন্ন আকাশ-বাতাস ভাগাভাগি করে। তাই উভয় দেশের জন্য কল্যাণকর যেকোনো পদক্ষেপ ভবিষ্যতে গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ভারত সরকার সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের কূটনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে তার ‘দুই দেশের শক্তি এক হওয়া’ সংক্রান্ত বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।