.
জাতীয়

ঈদযাত্রায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ১৩ দিনে ঝরল ২৮১ প্রাণ

Email :4

ঈদ মানেই আনন্দ, পরিবার-পরিজনের সঙ্গে মিলিত হওয়ার অপেক্ষা। কিন্তু এবারের ঈদযাত্রা অনেক পরিবারের জন্য নিয়ে এসেছে শোক আর বেদনার খবর। রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ঈদুল আজহার আগে ও পরে ২১ মে থেকে ২ জুন পর্যন্ত মাত্র ১৩ দিনে দেশে ঘটেছে ২৯২টি সড়ক দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৮১ জন, আহত হয়েছেন ৮৩৭ জন।
সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, নিহতদের মধ্যে রয়েছেন ৩৪ জন নারী এবং ৪৮ জন শিশু। এছাড়া মোট প্রাণহানির প্রায় ৪৪ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনায়। ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৪ জন।
শুধু সড়কপথই নয়, এই সময়ে নৌ ও রেলপথেও ঘটেছে একাধিক দুর্ঘটনা। ১৩টি নৌ দুর্ঘটনায় ৮ জন এবং ২২টি রেল দুর্ঘটনায় ১৭ জন প্রাণ হারিয়েছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। এখানে ৯৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০১ জন। অন্যদিকে সবচেয়ে কম প্রাণহানি হয়েছে সিলেট বিভাগে, যেখানে ৯টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ জনের। একক জেলা হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফরিদপুর, যেখানে ১৯টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৮ জন।
বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া গতি, ট্রাফিক আইন অমান্য, অদক্ষ চালক এবং মোটরসাইকেলের ঝুঁকিপূর্ণ ব্যবহারই দুর্ঘটনার প্রধান কারণ। ঈদের আনন্দ শেষে এই ভয়াবহ পরিসংখ্যান আবারও মনে করিয়ে দিচ্ছে—সড়কে সচেতনতা ও আইন প্রয়োগ জোরদার না হলে প্রাণহানির এই মিছিল থামানো কঠিন।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts