
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ভারতের নয়াদিল্লিতে একটি রাষ্ট্রীয় সফরে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর সফর বাতিল করে দেশে ফিরেছেন। অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে তিনি দিল্লি থেকে কলম্বো হয়ে সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
জানা গেছে, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি ঢাকা থেকে নয়াদিল্লি যান। সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে এ সফরে তার অংশ নেওয়ার কথা ছিল। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর পরিস্থিতি ভিন্ন মোড় নেয়।
সূত্র অনুযায়ী, ডা. জাহেদ উর রহমান প্রতিমন্ত্রী পদমর্যাদার কর্মকর্তা হিসেবে কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার যোগ্য হলেও তিনি সাধারণ পাসপোর্ট ব্যবহার করে রোববার বিকেল ৩টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লি পৌঁছান। বিমানবন্দরে নামার পর ভারতীয় কর্তৃপক্ষের নজরদারি তালিকার ভিত্তিতে তাকে আটকে রাখা হয়।
এরপর দীর্ঘ সময় ধরে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় একপর্যায়ে তিনি নিজেই নিজের পাসপোর্ট ফেরত চান এবং ভারতে অবস্থান না করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরে পরবর্তী ফ্লাইটে দিল্লি ত্যাগ করে কলম্বো হয়ে ঢাকায় ফেরেন।
ঘটনাটি নিয়ে কূটনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। একজন রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার সঙ্গে এমন আচরণের বিষয়টি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
ডা. জাহেদ উর রহমানের এই আকস্মিক প্রত্যাবর্তনের ঘটনায় দুই দেশের কূটনৈতিক মহলেও আলোচনা চলছে। সংশ্লিষ্ট মহল এখন ঘটনার বিস্তারিত ব্যাখ্যা এবং এর পেছনের কারণ সম্পর্কে আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছে।