
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রবিবার (৭ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোট গণনা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
ক্লাব ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১২ জন পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে সবার শীর্ষে রয়েছেন তামিম ইকবাল। এছাড়া ৭২ ভোট করে পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট এবং ইয়াসির ফয়সাল পেয়েছেন ৬৮ ভোট।
নির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম। অন্যদিকে নির্বাচনে পরাজিত হয়েছেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফয়জুর মিতু এবং মেজর ইমরোজ আহমেদ।
সকালে শুরু হওয়া ভোটগ্রহণ চলে টানা ছয় ঘণ্টা। ক্লাব ক্যাটাগরিতে মোট ৭৬ জন ভোটারের মধ্যে ৭৪ জন ভোট প্রদান করেন। এছাড়া নির্বাচনে ৩৯ জন ই-ভোটের মাধ্যমেও ভোট দিয়েছেন বলে জানা গেছে।
এবারের বিসিবি নির্বাচনে কয়েকটি পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন। তবে ক্লাব ক্যাটাগরির নির্বাচন ছিল সবচেয়ে আলোচিত। আর সেই লড়াইয়ে সর্বোচ্চ ভোট পেয়ে ক্রিকেট প্রশাসনে নতুন অধ্যায় শুরু করলেন বাংলাদেশের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল।
এদিকে পরিচালক নির্বাচনের ফল ঘোষণার পর সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের জন্য ভোটাভুটির প্রক্রিয়াও শুরু হয়। ফলে দেশের ক্রিকেট প্রশাসনে নতুন নেতৃত্ব কাদের হাতে যাচ্ছে, সেদিকেই এখন সবার নজর।