বাংলাদেশ ক্রিকেটে তৈরি হলো নতুন ইতিহাস।
নাজমুল হোসেন শান্ত এখন বাংলাদেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক।
সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানের দারুণ জয়ের মধ্য দিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে নিজের অষ্টম জয় তুলে নিয়েছেন শান্ত। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে।
এর আগে দুজনেরই ছিল সমান ৭টি করে টেস্ট জয়। তবে এবার এককভাবে শীর্ষে উঠে এলেন শান্ত।
মাত্র ১৮টি টেস্টে নেতৃত্ব দিয়ে এই রেকর্ড গড়েছেন বাঁহাতি এই ব্যাটার। তার অধীনে বাংলাদেশ পেয়েছে ৮ জয়, ১ ড্র এবং হেরেছে ৯ ম্যাচে।
অন্যদিকে, মুশফিকুর রহিম ৩৪টি টেস্টে নেতৃত্ব দিয়ে পেয়েছিলেন ৭ জয়।
বাংলাদেশের সফল অধিনায়কদের তালিকায় এরপর রয়েছেন সাকিব আল হাসান, মমিনুল হক ও হাবিবুল বাশার সুমন।
তরুণ এই অধিনায়কের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এসেছে আত্মবিশ্বাস আর ধারাবাহিকতা।
আর সেই পথ ধরেই ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে ফেললেন নাজমুল হোসেন শান্ত।