
ত্রয়োদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশন দেশের ইতিহাসে সবচেয়ে সফল অধিবেশন ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি জানান, দীর্ঘ ১৭ বছর পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই সংসদের প্রথম অধিবেশন ছিল অত্যন্ত সক্রিয় ও প্রাণবন্ত। তার মতে, এই অধিবেশনে সবচেয়ে বেশি আইন প্রণয়ন হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। সরকারি ও বিরোধী দল উভয়ের অংশগ্রহণ ছিল এবং অনেক ক্ষেত্রে একসঙ্গে কমিটিও গঠন করা হয়েছে।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, এটি নতুন কোনো অভিযোগ নয়। গণতন্ত্রে মতভিন্নতা থাকাটাই স্বাভাবিক এবং বিরোধী দল তাদের মত প্রকাশ করেছেন, সরকারও তার অবস্থান জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংসদে বিতর্ক হয়েছে, তবে তা সংঘাতপূর্ণ নয় বরং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। তার মতে, গণতন্ত্রে ভিন্নমত থাকবেই এবং সেটিই সংসদীয় চর্চার অংশ।
তিনি দাবি করেন, এই অধিবেশনে জাতীয় ইস্যুতে সরকারি ও বিরোধী দল অনেক ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে, যা সংসদীয় ইতিহাসে একটি ইতিবাচক দৃষ্টান্ত।