
ইরানের বিপক্ষে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু-র এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
রুশ সংবাদমাধ্যম স্পুটনিক রেডিও-কে দেওয়া সাক্ষাৎকারে জাখারোভা বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ‘বিনা উসকানিতে একপাক্ষিক ও আগ্রাসী হামলা’ চালিয়েছে। তার ভাষায়, শুরু থেকেই রাশিয়া এই হামলার বিরোধিতা করে আসছে।
তিনি আরও বলেন, “আমরা প্রথম থেকেই বলেছি, এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। সামরিক হস্তক্ষেপের মাধ্যমে এই পরিস্থিতির কোনো সমাধান সম্ভব নয়।”
এদিকে ইরানকে ঘিরে দীর্ঘদিন ধরেই কঠোর অবস্থান নিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন সময় তিনি ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন, এমনকি দেশটিতে শাসন পরিবর্তনের কথাও বলেছেন।
তবে বিশ্লেষকদের মতে, এসব বক্তব্যের বাস্তব প্রতিফলন এখনো স্পষ্টভাবে দেখা যায়নি। বরং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
সাম্প্রতিক এক ঘোষণায় ট্রাম্প জানান, তিনি ইরানের ওপর সম্ভাব্য বোমা হামলা ও সামরিক আক্রমণ ‘দুই সপ্তাহের জন্য’ স্থগিত রাখতে সম্মত হয়েছেন। অপরদিকে কিছু শর্ত সাপেক্ষে ইরানও এই যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, চলমান এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের পথ খোঁজাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।