
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক শিরোপা জয়ের পর দেশে ফিরছে বাংলাদেশ যুব ফুটবল দল। এই গৌরবময় অর্জন উদযাপন করতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিরোপাজয়ী দলকে বরণ করে নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এই শোভাযাত্রা বিমানবন্দর থেকে শুরু হয়ে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার-এ গিয়ে শেষ হবে।
সেখানে আনুমানিক রাত ৭টা ৩০ মিনিটে চ্যাম্পিয়ন ফুটবলারদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। দেশের ফুটবলের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় এই অর্জনকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে এই বিশেষ অনুষ্ঠান।
বাফুফে দেশের সমর্থক ও সাধারণ জনগণকে এই শোভাযাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা জানাতে আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (৩ এপ্রিল) ফাইনালে ভারতের বিপক্ষে লড়াইয়ে নামে বাংলাদেশের যুবারা। নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ সেই মুহূর্তে ৩-৩ সমতায় দাঁড়িয়ে ছিল ম্যাচের ফলাফল।
শেষ শট নিতে এগিয়ে আসেন তরুণ ফুটবলার রোনান সুলিভান। গোল হলেই নিশ্চিত শিরোপা—এমন চাপের মধ্যেও অসাধারণ ধীরস্থিরতা দেখিয়ে তিনি ‘পানেনকা’ শটে বল জালে জড়ান। তার সেই দারুণ শটে ইতিহাস গড়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ।
এই জয় শুধু একটি ট্রফি নয়—এটি দেশের ফুটবলের জন্য নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন এবং তরুণদের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।

