১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই রমজান, ১৪৪৭ হিজরি সকাল ৮:২৫ সোমবার বসন্তকাল
ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ-এর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে আগাম প্রচারণাসহ সরকারি অফিস ব্যবহার করে ভোট চাওয়ার অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
শনিবার (গতকাল) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ ফারিয়া আরজু স্বাক্ষরিত এক আদেশে এই নোটিশ জারি করা হয়।
নোটিশে যা বলা হয়েছে
নির্বাচনী অনুসন্ধান কমিটি সূত্রে জানা গেছে, প্রার্থীর বিরুদ্ধে ডিজিটাল ও সরেজমিনে প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। নোটিশের তথ্যানুযায়ী, গত ১৩ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৬ মিনিটে বিএনপি প্রার্থী ফখর উদ্দিন আহমেদ তার ভেরিফায়েড ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডি থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। ওই ভিডিওতে তিনি ভালুকা উপজেলার প্রবাসী ভোটারদের উদ্দেশে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। ভিডিওটি পরবর্তীতে একাধিক ফেসবুক আইডি ও পেজ থেকে শেয়ার করা হয়, যা নির্বাচনী প্রচারণার সময়ের আগেই ভোট চাওয়ার শামিল এবং আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
এছাড়াও নোটিশে ভৌত প্রচারণার ক্ষেত্রেও অনিয়মের চিত্র তুলে ধরা হয়েছে। অভিযোগ রয়েছে, ‘পরামর্শ সভা’র নাম করে প্রার্থী বিভিন্ন এলাকায় জনসমাগম ও সভা করছেন। বিশেষত, ভালুকা পৌরসভা কার্যালয়ের হলরুমে উপস্থিত হয়ে তিনি দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে প্রচারণা চালিয়েছেন বলে একজন অভিযোগকারী কমিটির কাছে তথ্য প্রমাণ দাখিল করেছেন।
কমিটির কাছে আসা ফেসবুক লিংক, ভিডিও ফুটেজ এবং স্ক্রিনশট পর্যালোচনা করে বিষয়টিকে প্রাথমিকভাবে নির্বাচনী আচরণবিধির পরিপন্থী বলে মনে করেছেন বিচারিক কমিটি।
নির্দেশনা ও সময়সীমা
এমতাবস্থায়, কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে। নোটিশে বিএনপি প্রার্থী ফখর উদ্দিন আহমেদকে আগামী সোমবার সকাল সাড়ে ১০টার মধ্যে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি নিজে সশরীরে অথবা উপযুক্ত কোনো প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিতভাবে এই অভিযোগের জবাব দিতে পারবেন।
প্রার্থীর বক্তব্য
এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি প্রার্থী ফখর উদ্দিন আহমেদ অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, “কারও বিরুদ্ধে অভিযোগ করলেই তা সত্য হয়ে যায় না। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে আমি যথাসময়ে যথাযথ জবাব প্রদান করব।”
Analysis | Habibur Rahman
