১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি বিকাল ৪:১১ বুধবার বসন্তকাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হওয়ার জেরে বিপাকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।
আদালতে যা হলো
এদিন মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জি এম কাউসার উল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
শুনানিকালে আইনজীবী কাউসার উল ইসলাম দাবি করেন, এই মামলার সঙ্গে লাভলু মোল্লাহর কোনো সম্পৃক্ততা নেই এবং এটি একটি ভিত্তিহীন ও মিথ্যা মামলা। তবে রাষ্ট্রপক্ষ জামিনের তীব্র বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
ঘটনার প্রেক্ষাপট
গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এই রায়ের পর লাভলু মোল্লাহ নিজের ফেসবুকে শেখ হাসিনার পক্ষে একটি ফটোকার্ড বানিয়ে পোস্ট করেন। বিষয়টি শিক্ষার্থীদের নজরে এলে তারা ক্ষুব্ধ হয়ে লাভলু মোল্লাহর বাসভবন ঘেরাও করেন এবং পরে তাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেন।
পরদিন ১৮ নভেম্বর পুলিশ তাকে সাড়ে পাঁচ মাস আগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল-সমাবেশকে কেন্দ্র করে দায়ের করা একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখায়। উপপরিদর্শক কামাল উদ্দিন মিয়ার দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছিল। এতদিন কারাগারে থাকার পর এবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হলো।
Analysis | Habibur Rahman