.
বাংলাদেশ

ভেন্টিলেশনে খালেদা জিয়া: চীনা চিকিৎসকদের যুক্ত করে চলছে সর্বোচ্চ প্রচেষ্টা

Email :47

১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি বিকাল ৪:১১ বুধবার বসন্তকাল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্টে ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ রয়েছেন বলে জানিয়েছে দলটির জ্যেষ্ঠ নেতারা। রবিবার রাত থেকেই তাঁর স্বাস্থ্যের এই সংকটজনক পরিস্থিতি তৈরি হয়।

সোমবার (আজ) দুপুরে হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এসব তথ্য নিশ্চিত করেন।

খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে আহমেদ আজম খান বলেন, ‘ম্যাডামের অবস্থা রবিবার রাত থেকে অত্যন্ত ক্রিটিক্যাল। সিসিইউ থেকে আইসিইউ এবং বর্তমানে তিনি ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য আপ্রাণ লড়াই (ফাইট) করছেন। আসলে বলার মতো কোনো ভালো অবস্থায় তিনি নেই। দেশবাসীর কাছে দোয়া চাওয়া ছাড়া আমাদের আর কিছু বলার ভাষা নেই।’

চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে আগে থেকেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকরা পরামর্শ দিয়ে আসছিলেন। সর্বশেষ পরিস্থিতির অবনতি হওয়ায় এখন চীনের বিশেষজ্ঞ চিকিৎসকেরাও এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে ক্লান্তিহীনভাবে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। বাকিটা মহান আল্লাহর ওপর নির্ভর করছে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ৭৮ বছর বয়সী খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি লিভার সিরোসিস, কিডনি জটিলতা ও শ্বাসকষ্টসহ (ফুসফুসে সংক্রমণ) একাধিক দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন।

এর আগে গত বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন এবং বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার মতো শারীরিক সক্ষমতা বা পরিস্থিতি তাঁর নেই। এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

Analysis | Habibur Rahman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts