১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি বিকাল ৩:৪১ সোমবার শরৎকাল
প্যারিসের বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘর থেকে শত কোটি ডলারের রাজকীয় গয়না চুরির ঘটনায় বড় ধরনের অগ্রগতির খবর পাওয়া গেছে। সিনেমার চিত্রনাট্যকেও হার মানানো সেই চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফরাসি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রবিবার (গতকাল) তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে স্থানীয় গণমাধ্যম ‘লে পারিজিয়াঁ’ ও ‘পারি ম্যাচ’ এ সংক্রান্ত খবর প্রকাশ করে।
তদন্তকারীদের বরাতে জানা গেছে, শনিবার রাত সাড়ে নয়টার দিকে প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দরে অভিযান চালায় পুলিশ। সেখানে একটি আন্তর্জাতিক ফ্লাইটে ওঠার ঠিক আগমুহূর্তে প্রথম সন্দেহভাজনকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি দেশত্যাগের চেষ্টা করছিলেন।
বিমানবন্দরে এই আটকের ঘটনার কিছুক্ষণ পরেই প্যারিস শহরের ভেতর থেকে দ্বিতীয় সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ১৯ অক্টোবর ল্যুভর জাদুঘরে ঘটে যাওয়া দুর্ধর্ষ এই চুরির ঘটনাটি সারা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল। তদন্ত প্রতিবেদন অনুযায়ী, চোরেরা মাত্র সাত মিনিটের এক ঝটিকা অভিযানে জাদুঘর থেকে মূল্যবান রাজকীয় গয়নাগুলো সরিয়ে ফেলে। চুরি যাওয়া এসব অলঙ্কারের বাজারমূল্য প্রায় ১০২ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা)।
দিনদুপুরে এবং কঠোর নিরাপত্তার মধ্যে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এই ঘটনা ফ্রান্সের সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থার বড়সড় ফাটল ধরিয়ে দেয়। ঘটনার পরপরই অপরাধীদের ধরতে ব্যাপক পরিসরে তদন্ত শুরু করেছিল ফরাসি কর্তৃপক্ষ, যার ফলশ্রুতিতে এই গ্রেপ্তারের ঘটনা ঘটল।
গ্রেপ্তারকৃতদের পরিচয় বা তাদের কাছ থেকে চুরি হওয়া গয়না উদ্ধার করা গেছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত কিছু জানায়নি।
Analysis | Habibur Rahman
