
পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়ে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানান, দ্রুতই প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। এর স্টাডি রিপোর্ট, কারিগরি বিশ্লেষণ এবং সমীক্ষার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ সরাসরি উপকৃত হবে।
তিনি আরও জানান, বৈঠকে আগামী ১৮০ দিনের করণীয় নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক পর্যায়ে মতবিনিময় হয়েছে।
পানিসম্পদ মন্ত্রী বলেন, সরকারের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে খাল খনন কর্মসূচিও গুরুত্ব পাচ্ছে। এ কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি তদারকিতে এবং জনসচেতনতা বাড়াতে প্রধানমন্ত্রী আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফর করবেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পানি ব্যবস্থাপনা উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।