৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি সকাল ১১:৫৪ শুক্রবার গ্রীষ্মকাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এর অংশ হিসেবে চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ (Postal Vote BD) অ্যাপের মাধ্যমে অভূতপূর্ব সাড়া মিলেছে। বুধবার সকাল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, এই অ্যাপ ব্যবহার করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন প্রবাসী বাংলাদেশি তাদের ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত প্রকল্প ‘ওসিভি-এসডিআই’-এর টিম লিডার সালীম আহমাদ খান বুধবার সকালে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রকল্প সংশ্লিষ্টদের দেওয়া তথ্যে জানা গেছে, অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পেপার পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার সংশ্লিষ্ট প্রবাসীদের গন্তব্য দেশে পৌঁছেছে। এর মধ্য থেকে ৪ লাখ ৯৯ হাজার ৩২৮ জন ভোটার সফলভাবে তাদের ব্যালট পেপার গ্রহণ করেছেন। ব্যালট হাতে পাওয়ার পর নিজেদের পছন্দের প্রার্থী বা হ্যঁ/না ভোটে রায় দিয়েছেন ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন।
ভোট প্রদানের পর সেই ব্যালট বাংলাদেশে ফেরত পাঠানোর পরিসংখ্যানও তুলে ধরেন সালীম আহমাদ খান। তিনি জানান, ভোটদান শেষে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯টি ব্যালট সংশ্লিষ্ট দেশের স্থানীয় পোস্ট অফিস কিংবা ডাকবাক্সে জমা দিয়েছেন প্রবাসীরা। ডাক বিভাগের মাধ্যমে এসব ব্যালট দেশে আসা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত ২৯ হাজার ৭২৮টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে দেশ ও বিদেশ মিলিয়ে বিপুল সংখ্যক নাগরিক ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। সর্বশেষ হিসাব অনুযায়ী, এই অ্যাপের মাধ্যমে নিবন্ধিত মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জনে। নির্বাচন কমিশন আশা করছে, প্রযুক্তিবান্ধব এই ব্যবস্থার কারণে প্রবাসীরা এবার দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও জোরালো ভূমিকা রাখতে পারবেন।
Analysis | Habibur Rahman