৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি দুপুর ২:০৬ শুক্রবার গ্রীষ্মকাল
আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক জোট গঠন নিয়ে দেশের ইসলামি দলগুলোর মধ্যে যখন নানা সমীকরণ চলছে, ঠিক তখনই একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ না হয়ে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-কে বিশেষ অভিনন্দন ও মুবারকবাদ জানিয়েছেন তিনি।
বুধবার (আজ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত আমির এই সিদ্ধান্তকে ‘সাহসী পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে দেশের ইসলামি রাজনীতির জন্য একে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেছেন।
মওদুদীবাদ বর্জন ও ‘সহিহ আকিদা’র ঐক্য
বিবৃতিতে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে হেফাজতে ইসলাম সবসময়ই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ‘সহিহ আকিদা’ বিশ্বাসী ইসলামপন্থীদের একটি বৃহত্তর ঐক্যের পক্ষে কাজ করে আসছে। তবে এই ঐক্যের মূল ভিত্তি হতে হবে মওদুদীবাদী চিন্তা-চেতনা মুক্ত।
হেফাজত আমিরের ভাষ্যমতে, তারা শুরু থেকেই সতর্ক করে আসছেন যেন ইমান ও আকিদা বিসর্জন দিয়ে কোনো রাজনৈতিক জোট করা না হয়। জামায়াতের সঙ্গ ত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে একক রাজনৈতিক স্বকীয়তা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে, তাতে সন্তোষ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘মওদুদীবাদী জামায়াতের খপ্পর থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথচলা তৈরি করতে পারায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং দলটির আমিরকে বিশেষ মুবারকবাদ জানাচ্ছি।’
ইসলামি রাজনীতির ক্ষতি থেকে রক্ষা
জামায়াতের সঙ্গে জোটবদ্ধ থাকলে দেশের ইসলামি রাজনীতির দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা ছিল বলে মনে করেন হেফাজতের এই শীর্ষ নেতা। তিনি উল্লেখ করেন, হকপন্থী দলগুলোর জন্য একক পথে চলা বর্তমানে সময়ের দাবি। চরমোনাই পীরের এই সিদ্ধান্ত সেই সম্ভাব্য ক্ষতির পথ রুদ্ধ করবে এবং আগামী দিনে ইসলামি রাজনীতির জন্য একটি মজবুত ও সম্মানজনক অবস্থান তৈরি করবে।
নির্বাচনে হেফাজতের অবস্থান ও ভোটারদের প্রতি নির্দেশনা
বিবৃতিতে আগামী নির্বাচনে হেফাজতে ইসলামের অবস্থানও স্পষ্ট করেন আল্লামা বাবুনগরী। তিনি জানান, অতীতে যেমন হেফাজত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে সরাসরি অবস্থান নেয়নি, আগামী নির্বাচনেও তারা সেই নিরপেক্ষতা বজায় রাখবে। কোনো দলের হয়ে নির্বাচনী প্রচারণায় নামবে না এই অরাজনৈতিক সংগঠনটি।
তবে ভোটারদের প্রতি তিনি একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘যারা নিরেট ইসলামপন্থাকে ধারণ করেন, জনগণ তাদেরই বেছে নেবেন।’ একইসঙ্গে তিনি ইসলামের নামে যারা মওদুদীবাদ বা অন্যান্য ভ্রান্ত আকিদা পোষণ করে, ব্যালটের মাধ্যমে তাদের বর্জনের আহ্বান জানান।
পরিশেষে, দেওবন্দি তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সব পক্ষ আগামী দিনে একই লক্ষ্য ও উদ্দেশ্যে পথ চলবে বলে আশা প্রকাশ করেন হেফাজত আমির।
Analysis | Habibur Rahman
