রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ বা আন্ডারপাস ব্যবহার না করে রাস্তা পারাপার করলে পথচারীদের বিরুদ্ধে জেল-জরিমানা করার ঘোষণা দেওয়া হয়েছে।রবিবার (১২ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, রাজধানীতে নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে পথচারী ও যানবাহন চালকদের জন্য কঠোর আইন প্রয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে কোনো পথচারী ট্রাফিক আইন বা সংকেত অমান্য করলে, অথবা নির্ধারিত জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ বা আন্ডারপাস ব্যবহার না করলে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হতে পারে।
এ ছাড়া নির্ধারিত স্থান ছাড়া যাত্রী বা পণ্য ওঠানামা করালে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং চালকের লাইসেন্সে এক পয়েন্ট কাটা হবে। উল্টো পথে গাড়ি চালানো বা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হতে পারে।
ডিএমপি জানিয়েছে, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করতে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর সঙ্গে সমন্বয় করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, গুলশানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির উদ্যোগে মানিক মিয়া এভিনিউ, মৌচাক, রায়সাহেব বাজারসহ বেশ কিছু স্থানে অস্থায়ী ট্রাফিক সিগন্যাল চালু করা হয়েছে, যেগুলো বিশেষ করে রাতে কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পথচারীদের ফুট ওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পার হতে হবে। নিয়ম ভাঙলে ঘটনাস্থলেই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করে পরবর্তীতেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই উদ্যোগের মাধ্যমে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনা কমানো সম্ভব হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।