৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি বিকাল ৩:৪৯ শনিবার বসন্তকাল
দীর্ঘ আন্দোলন ও ত্যাগ-তিতিক্ষার পর অর্জিত আসন্ন নির্বাচনকে জাতির জন্য একটি ‘অগ্নিপরীক্ষা’ হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সাধারণ ভোটারদের সতর্ক করে বলেছেন, ব্যালট পেপারে একটি সঠিক সিদ্ধান্ত আগামী পাঁচ বছরের জন্য দেশকে যেমন স্থিতিশীলতা দিতে পারে, তেমনি একটি ভুল সিদ্ধান্ত জাতিকে আবারও চরম বিপদের মুখে ঠেলে দিতে পারে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি, ২০২৬) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপির মনোনীত এই প্রার্থী শহরের ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময়কালে ভোটারদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

স্থিতিশীলতা বনাম সংকট
নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘এই নির্বাচনের পটভূমি আমাদের সবার জানা। অনেক ত্যাগের বিনিময়ে আমরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছি। তাই এই সুযোগকে কোনোভাবেই হালকাভাবে দেখার অবকাশ নেই। আমরা যদি বিচক্ষণতার পরিচয় দিই, তবে আগামী পাঁচ বছর বাংলাদেশ শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে এগোবে। কিন্তু আবেগের বশবর্তী হয়ে বা ভুল প্ররোচনায় পা দিয়ে যদি আমরা সঠিক নেতৃত্ব নির্বাচনে ব্যর্থ হই, তবে সেই ব্যর্থতা আমাদের আবারও ভয়াবহ সংকটের আবর্তে নিমজ্জিত করবে।’
ধর্মীয় অপপ্রচার ও বিভ্রান্তি
নির্বাচনী মাঠে প্রতিপক্ষের অপকৌশল সম্পর্কে নেতাকর্মী ও সমর্থকদের সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন, একটি মহল ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার পায়তারা করছে। তিনি বলেন, ‘মিথ্যা প্রচারণা ও ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে। এসব অপপ্রচারে কান দিলে আমাদের সামগ্রিক সিদ্ধান্ত গ্রহণে বড় ধরণের ভুল হতে পারে, যা কাম্য নয়।’
একাত্তরই আমাদের অস্তিত্বের শেকড়
বক্তব্যে মহান মুক্তিযুদ্ধকে জাতীয় অস্তিত্বের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘শেকড় ভুলে কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ আমাদের পরিচয়, আমাদের অস্তিত্ব। একাত্তর আমাদের একটি স্বাধীন ভূখণ্ড দিয়েছে, বেঁচে থাকার অধিকার দিয়েছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তাই একাত্তরকে পাশ কাটিয়ে বা ভুলে গিয়ে সামনে এগোনো সম্ভব নয়।’
তিনি আরও যোগ করেন, ‘একটি বিশেষ গোষ্ঠী সুকৌশলে একাত্তরের চেতনাকে পেছনে ফেলতে চায়। কিন্তু মনে রাখতে হবে, একাত্তরকে অস্বীকার করা মানে নিজের অস্তিত্বকেই অস্বীকার করা।’
চার নীতিতে আপসহীন বিএনপি
আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় বিএনপির অবস্থান পরিষ্কার করে দলটির মহাসচিব বলেন, ‘আমরা চারটি মৌলিক বিষয়ে আপসহীন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, গণতন্ত্র, দেশের উন্নয়ন এবং অসাম্প্রদায়িকতা—এই চার স্তম্ভের ওপর ভিত্তি করেই আমরা পথ চলতে চাই। এই ভিত্তিগুলোই আমাদের শক্তি এবং এগুলোকে পুঁজি করেই আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।’
ঠাকুরগাঁও পৌর বিএনপি আয়োজিত এই সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তারা মির্জা ফখরুলের পক্ষে স্লোগান দেন এবং নির্বাচনী প্রচারণায় সর্বাত্মকভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
Analysis | Habibur Rahman