.
বাংলাদেশ

‘একাত্তরই আমাদের অস্তিত্ব, এ দেশে কেউ সংখ্যালঘু নয়’—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

Email :14

১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই রমজান, ১৪৪৭ হিজরি সকাল ৬:৩৬ সোমবার বসন্তকাল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, ১৯৭১ সালই বাংলাদেশের অস্তিত্বের মূল ভিত্তি। বিএনপি এই সালটিকে সবসময় শ্রদ্ধার সঙ্গে মাথায় তুলে রাখতে চায়। একইসঙ্গে তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে অভয় দিয়ে বলেছেন, এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই সমান মর্যাদার নাগরিক।

সোমবার (আজ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চবিদ্যালয় মাঠে আজ সোমবার দুপুরে নির্বাচনী গণসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের চেতনার কথা স্মরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘পাকিস্তানের সীমাহীন অত্যাচার-নির্যাতন সইতে না পেরে আমরা আলাদা হয়েছিলাম এবং রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছিলাম। একাত্তর আমাদের অস্তিত্ব, তাই এই সালটিকে আমরা সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিই।’

গণসংযোগে তিনি স্বাধীনতা বিরোধীদের ব্যাপারে সতর্ক করে বলেন, ‘যারা একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, যারা আমাদের হাজারো মানুষকে হত্যায় লিপ্ত ছিল, তারা আজ পুনরায় ভোট চেয়ে দেশ পরিচালনার স্বপ্ন দেখছে। যারা দেশের স্বাধীনতা ও অস্তিত্বেই বিশ্বাস করে না, তাদের হাতে ক্ষমতা তুলে দিয়ে আমরা কি দেশের সর্বনাশ ডেকে আনব? বিষয়টি জনগণকে গভীরভাবে অনুধাবন করতে হবে।’

আসন্ন নির্বাচনের প্রেক্ষাপট এবং আওয়ামী লীগের অনুপস্থিতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব মন্তব্য করেন, ‘আগে নির্বাচনে মূল লড়াই হতো ধানের শীষ আর নৌকার মধ্যে। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন, মাঠে নৌকা নেই। নৌকার কান্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে ছেড়ে ভারতে পালিয়ে গেছেন এবং বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। তিনি দেশে থাকলে হয়তো একটি গণতান্ত্রিক পরিস্থিতির মধ্যে নির্বাচন হতো।’

বক্তৃতার একটি বড় অংশজুড়ে ছিল হিন্দু সম্প্রদায়ের প্রতি আশ্বাসের বাণী। মির্জা ফখরুল বলেন, ‘আমাদের হিন্দু ভাই-বোনেরা অনেক সময় অহেতুক ভীতিতে থাকেন যে তারা সংখ্যালঘু। কিন্তু আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই, আপনারা কেউ সংখ্যালঘু নন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার ভাষায় বলে গেছেন—এ দেশে সংখ্যালঘু বলতে কেউ নেই, সবাই বাংলাদেশের সমান নাগরিক। আপনারা কেন ভয় পাবেন? বুক উঁচু করে দাঁড়াবেন। আমার ভাইয়েরা সবসময় আপনাদের পাশে থাকবে।’

পরিশেষে মির্জা ফখরুল প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। বিশেষ করে মা-বোনদের সম্মান ও নিরাপত্তা এবং ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার আদায়ে বিএনপি সবসময় আপসহীন ভূমিকা পালন করবে।

Analysis | Habibur Rahman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts