১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি দুপুর ২:৩৬ মঙ্গলবার শরৎকাল
একঘেয়েমি কাটিয়ে ভোটাররা এবার নতুনত্বের সন্ধানে—এমন বার্তা নিয়েই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করলেন ঢাকা-১৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আবদুল বাতেন। শনিবার (আজ) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকার বিভিন্ন অলিগলিতে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি।
নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে ১০-দলীয় জোট সমর্থিত এই প্রার্থী মূলত মিরপুর-১১ নম্বর সেকশনের কাঁচাবাজার, পল্লবীর আলুপট্টি এবং ঐতিহ্যবাহী বেনারসিপল্লী এলাকায় ব্যাপক গণসংযোগ চালান। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী এবং এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

গণসংযোগকালে ভোটারদের কাছে নিজের প্রতিশ্রুতি তুলে ধরার পাশাপাশি আবদুল বাতেন দাবি করেন, সাধারণ মানুষ এবার রাজনীতির মাঠে গুণগত পরিবর্তন দেখতে চায়। তিনি বলেন, “জনগণ এখন আর পুরনো ফ্রেমে বন্দি থাকতে চায় না। তারা নতুন কিছু দেখার অপেক্ষায় আছে। ভোটাররা পুরনো সব শৃঙ্খল ভেঙে ফেলার প্রস্তুতি নিচ্ছেন।”
জয়ের ব্যাপারে নিজের আত্মবিশ্বাসের কথা জানাতে গিয়ে এই প্রার্থী বলেন, “ভোটারদের সাড়ায় আমি ৯০ শতাংশ আশাবাদী। ভোটের দিন মানুষ ব্যালটের মাধ্যমে সারা দেশে এক নীরব বিপ্লব ঘটাবে, যার প্রতিফলন ঘটবে এই আসনেও।”
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এবং পল্লবী ও রূপনগর থানা নিয়ে গঠিত ঢাকা-১৬ আসনটি রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। এই আসনে আবদুল বাতেনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির প্রার্থী ও সাবেক ফুটবলার আমিনুল হক। তবে জামায়াত প্রার্থীর বিশ্বাস, সুষ্ঠু ভোট হলে জনগণ তাকেই বেছে নেবে।
সকাল থেকেই কর্মীবাহিনী নিয়ে বাজারের ক্রেতা-বিক্রেতা ও স্থানীয় বাসিন্দাদের কাছে লিফলেট বিতরণ এবং ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার মধ্য দিয়ে দিনের প্রচারণা শেষ করেন তিনি।
Analysis | Habibur Rahman