.
বাংলাদেশ

‘ভোটকেন্দ্রে আর ছাগল চরবে না, জনগণ ফিরবে’: রাষ্ট্র সংস্কারে গণভোটে ‘হ্যাঁ’ জয়ে ধর্ম উপদেষ্টার আহ্বান

Email :18

১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই রমজান, ১৪৪৭ হিজরি সকাল ১০:১৩ সোমবার বসন্তকাল

 বিগত নির্বাচনগুলোতে ভোটারশূন্য কেন্দ্রের চিত্র তুলে ধরে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের মানুষ অতীতে দেখেছে ভোটের দিন স্কুলমাঠে ও কেন্দ্রে কেবল ছাগল চড়ে বেড়াত। তবে সেই প্রহসনের দিন শেষ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কেন্দ্রগুলো আবারও জনগণের পদচারণায় মুখরিত হবে। বহু বছর পর দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সুনামগঞ্জে গণভোট সম্পর্কে আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার দুপুরে শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণেছবি: প্রথম আলো

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) দুপুরে সুনামগঞ্জ শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত ‘গণভোট-২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্র সংস্কার ও ‘জুলাই সনদ’
আসন্ন নির্বাচনে গণভোটের গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমূল পরিবর্তন আনতে এই গণভোট অপরিহার্য। জুলাই সনদে রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে তিনি জনগণকে ‘হ্যাঁ’ বাক্সে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘‘দেশকে স্বৈরতান্ত্রিক ধারা থেকে চিরতরে মুক্ত করতে এবং ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কেউ যাতে আমৃত্যু প্রধানমন্ত্রী পদে থাকতে না পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করতেই এই গণভোট। প্রস্তাবনা অনুযায়ী, ভবিষ্যতে কেউ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এছাড়া রাষ্ট্রপতির ক্ষমার অযোগ্য কিছু বিধান রাখা হচ্ছে, যেন চাইলেই তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করতে না পারেন।’’

সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার বিষয়ে তিনি উল্লেখ করেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি মনোনীত হবেন, যা সব রাজনৈতিক দলের সম্মতিতে গৃহীত হয়েছে।

দুটি ব্যালট ও নির্বাচনের রূপরেখা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে আ ফ ম খালিদ হোসেন জানান, এবারের নির্বাচনে ভোটারদের হাতে দুটি ব্যালট পেপার দেওয়া হবে। একটি ব্যালটে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। অন্যটি থাকবে গণভোটের জন্য।

তিনি স্পষ্ট করেন, ‘‘গণভোটের বিষয়টি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সুবিধার জন্য নয়, বরং এটি দেশের ভবিষ্যতের রক্ষাকবচ। জনগণ চাইলে ‘না’ ভোটও দিতে পারেন, এতে কোনো বাধা থাকবে না। তবে আমরা সুন্দর আগামীর স্বার্থে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছি।’’

প্রশাসনের নিরপেক্ষতা ও নিরাপত্তা ব্যবস্থা
নির্বাচনে প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখার কঠোর নির্দেশ দেন ধর্ম উপদেষ্টা। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো সরকারি কর্মকর্তা যদি গোপনে বা প্রকাশ্যে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালান এবং তার প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে নতুন প্রযুক্তির ব্যবহারের কথা জানিয়ে তিনি বলেন, ‘‘ভোটের দিন কেন্দ্রে দায়িত্বরত পুলিশের বুকে সিসিটিভি ক্যামেরা (বডি ক্যাম) চালু থাকবে। কেউ কোনো অপরাধ বা অনিয়ম করার চেষ্টা করলে তা সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে যাবে এবং দোষীদের শনাক্ত করা সহজ হবে।’’

অন্তর্বর্তী সরকারের বিদায় ও আগামীর প্রত্যাশা
নির্বাচন পরবর্তী ক্ষমতার পালাবদল প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। তিনি বলেন, ‘‘আমরা গত কয়েক মাসে বেশ কিছু সংস্কার কাজ করেছি, ভবিষ্যতের জন্য একটি জানালা খুলে দিয়েছি। নতুন সরকার সেই পথ ধরে এগিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। আগামী পাঁচ বছর দেশের জন্য সোনালি অধ্যায় হতে পারে, তবে সতর্ক না থাকলে পরিস্থিতি খারাপও হতে পারে। তাই সবকিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’’

উপস্থিতি ও অন্যান্য বক্তা
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মোশাররফ হোসেন, সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস এবং সমাজকর্মী সুবিমল চক্রবর্তী।

মুক্ত আলোচনায় অংশ নেন সুনামগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শামছ উদ্দিন, সুনামগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. শাহীনুর পাশা চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা আসন্ন নির্বাচন ও গণভোটকে ঘিরে তাদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।

Analysis | Habibur Rahman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts