.
রাজনীতি

প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভয়াবহ জালিয়াতির অভিযোগ: এক বাসাতেই মিলছে শত শত ব্যালট, ইসির ব্যাখ্যা চায় বিএনপি

Email :35

১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই রমজান, ১৪৪৭ হিজরি বিকাল ৩:২৮ সোমবার বসন্তকাল

আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট বিতরণে বড় ধরনের অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির দাবি, বিদেশে অবস্থানরত ভোটারদের কাছে ব্যালট পৌঁছানো এবং ভোটগ্রহণ প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি ও পক্ষপাতিত্ব লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একেকটি বাসায় ২০০ থেকে ৩০০ ব্যালট পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনেপ্রথম আলো

বৃহস্পতিবার (আজ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করে এসব অভিযোগ তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিনিয়র সচিব ইসমাইল জবিউল্লাহ এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কায়সার কামাল।

ভিডিওতে ব্যালট জালিয়াতির চিত্র
সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রবাসী ভোটারদের জন্য এই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হলেও শুরুতেই তা প্রশ্নবিদ্ধ হয়েছে। তিনি অভিযোগ করেন, “সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, প্রবাসে একেকটি বাসায় ২০০ থেকে ৩০০টি পর্যন্ত ব্যালট পেপার জমা হয়ে আছে। কোথাও কোথাও এসব ব্যালট জব্দ করার খবরও পাওয়া যাচ্ছে।”

সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে তিনি উল্লেখ করেন, নির্ধারিত তারিখের আগেই ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। তিনি বলেন, “২২ তারিখ থেকে ভোট শুরু হওয়ার কথা থাকলেও অনেক জায়গায় এখনই ভোট নেওয়া হচ্ছে। এছাড়া একজনের মোবাইল নম্বর ব্যবহার করে অন্যজন ব্যালট গ্রহণ করছেন—এমন জালিয়াতির প্রমাণও মিলছে।”

বিএনপির এই নীতিনির্ধারক দাবি করেন, ব্যালট প্রণয়ন ও বিতরণের দায়িত্বে যারা ছিলেন, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। তিনি বলেন, “এই প্রক্রিয়ায় বিএনপি সরাসরি ক্ষতিগ্রস্ত বা ‘ভিকটিম’ হচ্ছে। আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে যে, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্যই কৌশলে এসব অনিয়ম করা হচ্ছে। নির্বাচন কমিশনকে (ইসি) অবশ্যই এর সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং দায়ীদের চিহ্নিত করতে হবে।”

ভোটার স্লিপ ও আচরণবিধি নিয়ে আপত্তি
পোস্টাল ব্যালটের বাইরেও সাধারণ ভোটারদের সুবিধার্থে ভোটার স্লিপের নিয়ম পরিবর্তনের দাবি জানিয়েছে বিএনপি। সালাহউদ্দিন আহমদ বলেন, “ভোটাররা যাতে সহজে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেজন্য ভোটার স্লিপে প্রার্থীর নাম, দলীয় প্রতীক এবং ভোটার নম্বর থাকাটা জরুরি। কিন্তু বর্তমান আচরণবিধিতে প্রার্থীর ছবি বা প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা কমিশনকে অনুরোধ করেছি, তারা যেন আচরণবিধি সংশোধন করে এই বাধা দূর করেন।”

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন
নির্বাচনী প্রচারণায় সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়নি বলেও অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, “নির্বাচন কমিশনের অনুরোধে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সফর স্থগিত করেছেন। অথচ আমরা দেখছি, অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা প্রকাশ্যেই জনসভা করছেন এবং বক্তব্য দিচ্ছেন। ইসি এসব বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, যা হতাশাজনক।”

এছাড়া মাঠ পর্যায়ে অনেক রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে বিএনপি জানায়, দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও সাধারণ ব্যালটের মতোই প্রার্থীর নাম ও প্রতীক ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে।

বিএনপি আশা করছে, নির্বাচন কমিশন তাদের যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নিয়ে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে এবং প্রবাসী ভোটে স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যাখ্যা প্রদান করবে।

Analysis | Habibur Rahman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts