৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি দুপুর ১২:৫৭ শুক্রবার গ্রীষ্মকাল
ময়মনসিংহে প্রাইভেট কারে তুলে এক কিশোরীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ উঠেছে এক চালকের বিরুদ্ধে। গভীর রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে পুলিশ একটি গ্যারেজ থেকে কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্ত চালককে আটক করে।

প্রতীকী ছবি
পুলিশ জানায়, ১৬ বছর বয়সী ওই কিশোরী এক পরিচিত তরুণের সঙ্গে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে প্রাইভেট কারে ওঠে। যাত্রাপথে চালক কৌশলে তরুণটিকে একটি চায়ের দোকানে নামিয়ে দেন। এরপর সুযোগ বুঝে কিশোরীকে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি। পরে শহরের একটি গ্যারেজে প্রাইভেট কারের ভেতর তাকে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী কিশোরী গাড়ির ভেতর থেকেই কৌশলে ৯৯৯-এ ফোন করতে সক্ষম হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। উদ্ধার অভিযানটি শুক্রবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে পরিচালিত হয়।
আটক চালকের নাম মো. মনির হোসেন (৪৫)। তিনি ময়মনসিংহ নগরের আকুয়া মাদ্রাসা কোয়ার্টার শিকদার বাড়ি মোড় এলাকার বাসিন্দা। অভিযুক্তের ব্যবহৃত প্রাইভেট কারটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কিশোরী কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসিন্দা এবং তিনি রাজধানীর উত্তরা এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেখানেই এক তরুণের সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরেই ত্রিশালের এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে।
পুলিশ আরও জানায়, মনির হোসেনের বিরুদ্ধে অতীতেও গুরুতর অভিযোগ রয়েছে। ২০১৯ সালে ঢাকার তুরাগ থানায় যাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত অপরাধ বলে মনে হচ্ছে। কিশোরীকে প্রতারণার মাধ্যমে অপহরণ করে গ্যারেজে আটকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Analysis | Habibur Rahman
