১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি বিকাল ৪:০৩ বুধবার বসন্তকাল
ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে বিশদ আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন। এ সময় সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, ওসমান হাদির ওপর হামলার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন রাজনৈতিক নেতারা। তারা এই হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নেতারা আশঙ্কা প্রকাশ করেন, এ ধরনের হামলা রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার একটি ষড়যন্ত্র হতে পারে।
আলোচনায় অংশ নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা জানান, বর্তমান সময়ে জাতীয় ঐক্য ধরে রাখা সবচেয়ে জরুরি। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে কেউ যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সে বিষয়ে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তারা। বৈঠকে দলগুলোর পক্ষ থেকে সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
বৈঠকে যারা উপস্থিত ছিলেন:
বিএনপির পক্ষ থেকে বৈঠকে যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং ভাইস চেয়ারম্যান (অব.) মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন।
বৈঠক শেষে নেতারা গণমাধ্যমকে জানান, বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে এবং প্রধান উপদেষ্টা তাদের উদ্বেগের বিষয়গুলো গুরুত্ব সহকারে শুনেছেন।
Analysis | Habibur Rahman
