১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি সকাল ১১:৫০ সোমবার শরৎকাল
ক্রিকেট ও ফুটবলের মাঠের দ্বন্দ্ব এবার গড়িয়েছে শোবিজ তারকাদের ব্যক্তিগত আঙিনায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবরের এক মন্তব্যের জেরে শুরু হওয়া বিতর্কে এবার নতুন মাত্রা যোগ করেছেন চিত্রনায়ক ওমর সানী। সম্প্রতি এক পডকাস্টে আসিফ তার ব্যক্তিগত ও দাম্পত্য জীবন নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ওমর সানী দিয়েছেন কড়া হুঁশিয়ারি। এমনকি স্ত্রী মৌসুমীকে এই বিষয়ে সাক্ষী মেনে আসিফকে সরাসরি চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই নায়ক।

প্রথম আলো
ঘটনার সূত্রপাত
সম্প্রতি বিসিবির পরিচালক হিসেবে আসিফ আকবর মন্তব্য করেন যে, ফুটবলাররা দেশের বিভিন্ন স্টেডিয়াম দখল করে রাখায় এবং উইকেট নষ্ট করায় ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাফুফে এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানায়। ওমর সানীও তখন সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণভাবে বলেন, ‘এসব চেয়ারের দোষ, ক্ষমতার।’ সানীর এই মন্তব্যটিই মূলত আসিফের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়।
পডকাস্টে আসিফের আক্রমণ
সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ নামক অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খানের প্রশ্নের জবাবে আসিফ ওমর সানীর দিকে ব্যক্তিগত আক্রমণের তীর ছোড়েন। আসিফ বলেন, ‘ওমর সানী ভাই একটু সহজ-সরল। উনি চাপ বিক্রি করেন, হয়তো ভাবছেন বাফুফে তার চাপ কিনবে। উনি নিজের সংসারই ঠিকমতো করতে পারছেন না। উনি একজন নারী-শাসিত পুরুষ…।’
ওমর সানীর ভিডিও বার্তা ও চ্যালেঞ্জ
আসিফের এই মন্তব্যের জবাব দিতে দেরি করেননি ওমর সানী। ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার ঠিক আগে সোমবার সকালে তিনি একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি আসিফকে একহাত নেন।
ওমর সানী বলেন, ‘আসিফ, আমি তোর পরিবার বা ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কিছু বলিনি। আমি শুধু বলেছিলাম ক্ষমতার কথা, চেয়ারের গরমের কথা। কিন্তু তুই মাছরাঙা টেলিভিশনে আমার সংসার ও ব্যক্তিগত জীবন নিয়ে নোংরা কথা বলেছিস। তুই বলেছিস আমি নারী-শাসিত! তুই মৌসুমীকে জিজ্ঞেস কর, আমার অবস্থান কোথায়।’
হুঁশিয়ারি ও পরামর্শ
ভিডিওর একপর্যায়ে ওমর সানী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তোর নোংরা জীবনের কথা আমি জানি, কিন্তু বলিনি। তুই আমার আর মৌসুমীর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি? সাহস থাকলে আমার সামনে এসে কথা বল।’
তবে ভিডিওর শেষাংশে আসিফের প্রতি কিছুটা নমনীয় হয়ে তিনি পরামর্শ দেন, ‘তোর স্ত্রী অনেক ভালো মানুষ, তুই এখন দাদা হয়েছিস। আল্লাহ তোকে সম্মান দিয়েছেন, তাই ভদ্র হ। ব্যক্তিজীবন নিয়ে কথা বলা একদমই ভালো না।’
দুই অঙ্গনের এই দুই তারকার এমন প্রকাশ্য বাদানুবাদ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
Analysis | Habibur Rahman