১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই রমজান, ১৪৪৭ হিজরি সকাল ৮:৩১ সোমবার বসন্তকাল
আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে সরকার। এখন থেকে একান্ত ‘অপরিহার্য’ বা জরুরি প্রয়োজন ছাড়া এই দুই সংস্থার কোনো কর্মকর্তা-কর্মচারী দেশের বাইরে যেতে পারবেন না।
সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে নির্দেশনাটি পালনের জন্য এনবিআরের নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত ঢালাওভাবে বিদেশ ভ্রমণ পরিহার করতে হবে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে এই শর্ত শিথিল থাকবে। যাকে ‘অপরিহার্য কারণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—জরুরি চিকিৎসাসেবা, ধর্মীয় তীর্থযাত্রা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ। এর বাইরে সাধারণ কোনো সফরে ছাড়পত্র পাবেন না এনবিআর ও আইআরডির হাজারো কর্মকর্তা।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো চিঠিতে এই সিদ্ধান্তের পেছনের কারণও ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সরকারি নির্দেশনা উপেক্ষা করে বিদেশ ভ্রমণের প্রবণতা লক্ষ করা যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং সচিব একই সময়ে বিদেশ সফরে রয়েছেন, যা প্রশাসনিক কাজের গতি ব্যাহত করে। এছাড়া একই দপ্তরের অনেক কর্মকর্তা দলবেঁধে বিদেশ সফরের প্রস্তাব পাঠাচ্ছেন, যা সরকারি নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক।
প্রশাসনের শৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনের আগে কর্মকর্তাদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এই নির্দেশনার ফলে এনবিআরের কর্মকর্তাদের বিদেশ সফর বা প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ অনেকটাই সংকুচিত হয়ে এল।
Analysis | Habibur Rahman