
ঐতিহাসিক এক সিদ্ধান্তে আফগানিস্তান-এ সুদভিত্তিক (রিবা) ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ইমারাতে ইসলামিয়া জানিয়েছে, এখন থেকে দেশের সব ব্যাংক পরিচালিত হবে শরিয়তসম্মত ইসলামি আর্থিক নীতির ভিত্তিতে।
হুরিয়াত রেডিও-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংকের জন্য প্রযোজ্য। এটি ব্যাংকিং খাতকে নতুনভাবে গড়ে তোলার একটি বৃহৎ উদ্যোগের অংশ, যেখানে সুদের পরিবর্তে ইসলামি অর্থনৈতিক নীতিকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
এ বিষয়ে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং ও আর্থিক সেবা বিভাগের প্রধান ড. লুতফুল্লাহ খায়েরখাহ জানান, সব বাণিজ্যিক ব্যাংক থেকে সুদভিত্তিক কার্যক্রম ইতোমধ্যেই বন্ধ করা হয়েছে। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে সব ধরনের লেনদেনকে ইসলামি আর্থিক ব্যবস্থার আওতায় আনার কাজ চলছে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ আফগানিস্তানের অর্থনৈতিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। নতুন এই ব্যবস্থার মাধ্যমে আর্থিক খাতে স্থিতিশীলতা বাড়বে, মানুষের আস্থা ফিরে আসবে এবং ইসলামি মূল্যবোধভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।