১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই রমজান, ১৪৪৭ হিজরি সকাল ১০:১৩ সোমবার বসন্তকাল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন বিএনপির দুই প্রার্থী। ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সারোয়ার আলমগীর এবং কুমিল্লা-৪ আসনের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। এই দুই রিটের বিষয়ে হাইকোর্ট পৃথক দিন ধার্য করেছেন।
বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (আজ) এ সংক্রান্ত বিষয়ে শুনানি ও দিন নির্ধারণের আদেশ দেন।
সারোয়ার আলমগীরের রিটের আদেশ বৃহস্পতিবার
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদনের ওপর শুনানি আজ মঙ্গলবার সম্পন্ন হয়েছে। শুনানি শেষে আদালত আগামী বৃহস্পতিবার (রিটের ওপর আদেশের) দিন ধার্য করেছেন।
আদালত সূত্রে জানা যায়, প্রথমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আলমগীরের মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেছিলেন। কিন্তু পরবর্তীতে একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন ঋণখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। গত ১৮ জানুয়ারি সেই আপিলের শুনানি শেষে ইসি সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত দেয়।
ইসির এই সিদ্ধান্তকে ‘আইনগত কর্তৃত্ব বহির্ভূত’ দাবি করে এবং প্রার্থিতা ফিরে পেতে সোমবার হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মো. রুহুল কুদ্দুস, সঙ্গে ছিলেন আইনজীবী নিজাম উদ্দিন। অন্যদিকে অভিযোগকারী নুরুল আমীনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন ও এ এস এম শাহরিয়ার কবির।
আইনজীবী আহসানুল করিম জানান, তাঁর মক্কেল ব্যাংকের পাওনা বাবদ প্রিমিয়ার লিজিংকে ইতিমধ্যেই তিন কোটি টাকা পরিশোধ করেছেন এবং তাঁর ঋণ পুনঃতফসিল করা হয়েছে। তাই তিনি বর্তমানে ঋণখেলাপি নন। রিটে ইসির ১৮ জানুয়ারির সিদ্ধান্ত স্থগিত করে সারোয়ার আলমগীরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
মঞ্জুরুল আহসান মুন্সীর শুনানি বুধবার
অন্যদিকে, কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট আবেদনটির শুনানির জন্য আগামীকাল বুধবার দুপুর ১২টায় সময় নির্ধারণ করেছেন হাইকোর্টের একই বেঞ্চ।
ঘটনার বিবরণে জানা যায়, রিটার্নিং কর্মকর্তা প্রাথমিক বাছাইয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ ইসিতে আপিল করে অভিযোগ করেন যে, বিএনপির এই প্রার্থী ঋণখেলাপির তথ্য গোপন করেছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি ইসি আপিল মঞ্জুর করলে মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
প্রার্থিতা ফিরে পেতে এবং ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টে রিট দায়ের করেন মঞ্জুরুল আহসান। তাঁর আইনজীবী মুহাম্মদ সাইফুল্লাহ মামুন নিশ্চিত করেছেন যে, আদালত বুধবার শুনানির দিন ধার্য করেছেন। রিট আবেদনে ১৭ জানুয়ারির ইসির সিদ্ধান্তের ওপর রুল জারির পাশাপাশি মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশনা চাওয়া হয়েছে।
উল্লেখ্য, আদালতের আজকের কার্যতালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর রিটটি ৩৮ নম্বর এবং সারোয়ার আলমগীরের রিটটি ৪৭ নম্বর ক্রমিকে ছিল।
Analysis | Habibur Rahman
