১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই রমজান, ১৪৪৭ হিজরি বিকাল ৫:৪৬ সোমবার বসন্তকাল
গভীর রাতে সংঘটিত একটি বড় ডাকাতির ঘটনার রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে মোগলাবাজার থানা।

গত ১ ডিসেম্বর ২০২৫ গভীর রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে সিলেট–ফেঞ্চুগঞ্জ সড়কের লালমাটিয়া ও রয়েল সিটি আবাসিক এলাকা সংলগ্ন অংশে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড-এর একটি কাভার্ড ভ্যানকে একটি সাদা নোহা ও একটি সাদা প্রাইভেট কার দিয়ে ব্যারিকেড দেয় ৬-৭ জন সশস্ত্র ডাকাত। তারা ভ্যানের চালক ও হেলপারকে মারধর করে এবং হত্যার ভয় দেখিয়ে কনটেইনার খুলে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নেয়, পাশাপাশি হেলপারদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই মামলা রুজু হয়ে গেলে পুলিশ তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযান শুরু করে। ধারাবাহিক অভিযানে প্রথমে পশ্চিমভাগ আবাসিক এলাকা থেকে সাকেল আহমদ (৩৩) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পূর্ব শ্রীরামপুর এলাকা থেকে আক্তার হোসেন (৩৪) এবং সর্বশেষ সুলতানপুর এলাকা থেকে রিহাদ আহমেদ (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তিনজনই ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। তাদের দেখানো মতে ভোররাতে রিহাদ আহমেদের বাড়ির ভেতরে কচুর ঝোপের মধ্যে লুকানো অবস্থায় তিনটি সাদা প্লাস্টিকের বস্তা, দুটি কালো পলিথিন ও দুটি খাকি রঙের কার্টনে থাকা সম্পূর্ণ লুটের মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং সিলেট মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে নিয়মিত ডাকাতি চালিয়ে আসছিল। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Analysis | Habibur Rahman

