১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই রমজান, ১৪৪৭ হিজরি সকাল ১০:১৪ সোমবার বসন্তকাল
শীতের হিমেল হাওয়ায় প্রকৃতি যেমন শুষ্ক হয়ে ওঠে, তেমনি তার প্রভাব পড়ে আমাদের ত্বকেও। রুক্ষতা, নিষ্প্রাণ ভাব আর মৃত কোষের আধিক্যে হারিয়ে যায় ত্বকের স্বাভাবিক লাবণ্য। তবে হাতের কাছেই যদি থাকে খাঁটি মধু, তবে শীতেও ত্বক থাকবে মাখনের মতো নরম ও উজ্জ্বল। মধুতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি–অক্সিডেন্ট উপাদান কেবল বয়সের ছাপই কমায় না, বরং এটি একটি শক্তিশালী ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে।
শীতে ত্বকের যতেœ মধুর ব্যবহার নিয়ে বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের রূপবিশেষজ্ঞ শারমিন কচি বেশ কিছু কার্যকর ঘরোয়া প্যাকের পরামর্শ দিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে মধু দিয়ে তৈরি করবেন ত্বকবান্ধব এসব ফেসপ্যাক:

১. উজ্জ্বলতার জন্য দই ও মধু
ত্বকের তাৎক্ষণিক উজ্জ্বলতা ও মসৃণ ভাব আনতে ১ চা-চামচ টক দইয়ের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেললে ত্বক হবে সজীব।
২. টান টান ত্বকের জন্য মুলতানি মাটি
অনেকের শীতেও নাকের দুপাশ বা কপাল তেলতেলে থাকে। এই ‘টি-জোন’ অয়েলি ভাব দূর করতে ১ চা-চামচ মুলতানি মাটি, ১ চা-চামচ মধু ও সামান্য গোলাপজল মিশিয়ে পেস্ট বানান। এটি ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেললে ত্বক টান টান হবে।
৩. দাগ দূর করতে লেবু ও মধু
ব্রণ বা রোদে পোড়া দাগ হালকা করতে ১ চা-চামচ মধুর সঙ্গে ২-৩ ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। তবে সংবেদনশীল ত্বকে লেবু ব্যবহারের আগে সতর্ক থাকতে হবে।
৪. গভীর আর্দ্রতায় অ্যালোভেরা ও মধু
শীতে ত্বক যেন ফেটে না যায়, তার জন্য ১ চা-চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ চা-চামচ মধু মিশিয়ে ২০ মিনিটের জন্য মুখে লাগিয়ে রাখুন। এটি শুষ্ক ত্বকে প্রাণ ফিরিয়ে আনে।
৫. স্ক্রাবার হিসেবে ওটস ও মধু
ত্বকের মৃত কোষ দূর করতে ওটস ও মধুর স্ক্রাব দারুণ কার্যকর। ১ চা-চামচ ওটস গুঁড়ার সঙ্গে মধু ও সামান্য পানি মিশিয়ে ভেজা মুখে আলতো করে চক্রাকারে ম্যাসাজ করুন। ৪-৫ মিনিট পর ধুয়ে ফেললে ত্বক হবে কোমল। এটি হাত-পায়ের রুক্ষতা দূর করতেও ব্যবহার করা যায়।
৬. কোমলতার জন্য দুধ ও মধু
ত্বকের প্রাকৃতিক আভা ধরে রাখতে ১ চা-চামচ কাঁচা দুধের সঙ্গে ১ চা-চামচ মধু মিশিয়ে ব্যবহার করুন। এটি নিয়মিত ব্যবহারে শীতের রুক্ষতা হার মানবে।
বিশেষজ্ঞদের মতে, কেমিক্যালযুক্ত প্রসাধনীর চেয়ে শীতে প্রাকৃতিক উপাদান মধুর ব্যবহার ত্বককে দীর্ঘস্থায়ী সুরক্ষা দেয়।
Analysis | Habibur Rahman
