bangla_date] ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই রমজান, ১৪৪৭ হিজরি রাত ৯:১৯ সোমবার বসন্তকাল
ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর ঢাকায় গুলিবর্ষণের ঘটনার জেরে সীমান্ত এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীরা যাতে কোনোভাবেই সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী দেশে পালিয়ে যেতে না পারে, সেই লক্ষ্যে ফেনী সীমান্তে ‘রেড অ্যালার্ট’ বা সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাত থেকেই ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর আওতাধীন সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কয়েক গুণ বাড়ানো হয়েছে। বিজিবির পাশাপাশি পুলিশের সহায়তায় গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে বসানো হয়েছে যৌথ চেকপোস্ট। সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের ওপর চালানো হচ্ছে কড়া তল্লাশি।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে জেলার তিনটি উপজেলার নির্দিষ্ট কিছু পয়েন্টকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে পরশুরাম উপজেলার বক্সমাহমুদ উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকা ও আলাউদ্দিন চৌধুরী নাসিম কলেজ এলাকা, ছাগলনাইয়া উপজেলার জিরো পয়েন্ট ও শুভপুর সেতু এলাকা এবং ফুলগাজী উপজেলার আমজাদের হাট সীমান্ত এলাকা। এসব পথে যাতে কেউ অবৈধভাবে পারাপার হতে না পারে, সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন বিজিবি সদস্যরা।
সীমান্ত পরিস্থিতির বিষয়ে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনার পরপরই কেন্দ্রীয়ভাবে আমাদের সতর্ক করা হয়েছে। আসামিরা যাতে কোনো ফাঁকফোকর দিয়ে দেশত্যাগ করতে না পারে, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা সন্দেহজনক গতিবিধি রোধে পুলিশ ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে।’
তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষায় সাধারণ জনগণের সহযোগিতাও একান্ত কাম্য। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক ব্যক্তি নজরে এলে দ্রুত আইনশৃঙ্খল বাহিনীকে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় প্রকাশ্য দিবালোকে শরিফ ওসমান বিন হাদির ওপর অতর্কিত গুলি চালায় একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
Analysis | Habibur Rahman
