১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি দুপুর ২:৪৫ বুধবার বসন্তকাল
ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে সশস্ত্র হামলায় গুরুতর আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পরপরই ঘটে যাওয়া এই ঘটনায় তাঁর মাথার পাশে গুলি লেগে ব্যাপক রক্তক্ষরণ হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন।
ঘটনার সময় যা ঘটেছে
স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, বক্স কালভার্ট এলাকার নির্বাচনী প্রচারণা শেষ করে সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন হাদি। ঠিক সেই সময় তিনটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত মুহূর্তের মধ্যে তাঁর দিকে এগিয়ে এসে লক্ষ্য করে গুলি ছোড়ে। হামলাকারীরা কোন ধরণের কথাবার্তা না বলেই দ্রুত এলাকা ত্যাগ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিটি খুব কাছ থেকে ছোড়া হয়েছিল।
হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন
হামলার পরপরই উপস্থিত কর্মীরা তাঁকে দ্রুত হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসকরা জানান, গুলি মাথার পাশ ও বাম কানসংলগ্ন অংশে আঘাত করায় পরিস্থিতি দ্রুতই গুরুতর হয়ে ওঠে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁকে জরুরি বিভাগ থেকে সরাসরি আইসিইউতে স্থানান্তর করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় অস্ত্রোপচার ও চিকিৎসা চলছে।
পুলিশের তদন্ত ও তৎপরতা
ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীদের শনাক্তে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত জব্দ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা না গেলেও, ঘটনাটিকে নির্বাচনকালীন গুরুতর সহিংসতা হিসেবে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
সরকার ও রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দ্রুত তদন্ত ও হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেন এবং হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সামাজিকমাধ্যমে ও বিবৃতির মাধ্যমে হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিচারের দাবিতে সরব হয়েছেন।
Analysis | Habibur Rahman


