১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই রমজান, ১৪৪৭ হিজরি সকাল ১০:২৯ সোমবার বসন্তকাল
ব্যক্তিগত জীবনের ঝড় আর দেশের অস্থির পরিস্থিতির ধকল সামলে নিজেকে আমূল বদলে ফেলেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিষণ্নতা কাটিয়ে ফিটনেসের নতুন নজির গড়লেন ৪৩ বছর বয়সী এই তারকা। গত ছয় মাসে কঠোর নিয়মানুবর্তিতার মাধ্যমে ১৭ কেজি ওজন কমিয়ে এখন তিনি ৬১ কেজিতে। শুধু শারীরিক পরিবর্তনই নয়, বাঁধন দিয়েছেন নতুন প্রেমের সুসংবাদও।
জানা গেছে, ২০২৪ সালের শুরুর দিকে চার বছরের একটি প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ঘটে বাঁধনের। এরপর জুলাই-আগস্ট মাসে দেশে ছাত্র-জনতার আন্দোলনে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। ব্যক্তিগত বিচ্ছেদ আর দেশের পরিস্থিতির কারণে তীব্র হতাশা থেকে ‘ওভার ইটিং ডিজঅর্ডার’-এ ভুগতে শুরু করেন। একপর্যায়ে তাঁর ওজন বেড়ে দাঁড়ায় ৭৮ কেজিতে।

শারীরিক এই পরিবর্তনে চিন্তিত হয়ে পড়েন বাঁধন। কাজের প্রস্তুতি এবং নিজেকে সুস্থ রাখার তাগিদ থেকেই শুরু করেন ‘মিশন ফিটনেস’। গত ছয় মাস ধরে চিকিৎসকের পরামর্শ, কড়া ডায়েট এবং নিয়মিত শরীরচর্চার মাধ্যমে সেই মিশনে সফল হয়েছেন তিনি।
বাঁধন বলেন, ‘চল্লিশোর্ধ্ব বয়সে ওজন কমানো কঠিন হবে ভেবেছিলাম। কিন্তু জেদ ছিল। টানা খেয়ে যাওয়ার অভ্যেস বদলে ফেলেছি। এখন ওজন ৬১ কেজি, যা আমাকে মানসিকভাবেও ফুরফুরে রেখেছে।’
বর্তমানে মেয়েকে নিয়ে মিরপুরে বাবার বাড়িতেই থাকছেন বাঁধন। মা-বাবা ও মেয়ের সঙ্গে দারুণ সময় কাটানোর পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেছেন তিনি। বিচ্ছেদের ক্ষত শুকিয়ে আবারও প্রেমে পড়েছেন এই অভিনেত্রী। তবে বিয়ের বিষয়ে এখনো খানিকটা ‘ট্রমা’ কাজ করলেও নতুন সম্পর্ক নিয়ে তিনি আশাবাদী।
বাঁধনের ভাষ্য, ‘আমি এখন জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছি। মাত্রই নতুন করে প্রেমে পড়েছি, সম্পর্কটার যত্ন নিচ্ছি। খুব শিগগির বিষয়টি সবাইকে জানাব। মা-বাবা ও পরিবারের সঙ্গেও সম্পর্কটা এখন খুব উপভোগ্য।’
ক্যারিয়ার নিয়েও নতুন বার্তা দিয়েছেন ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত এই অভিনেত্রী। নির্বাচনের পরেই নতুন সিনেমার কাজ শুরু করবেন। এছাড়া আগামী বছর তাঁর অভিনীত দুটি কাজ মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে। আপাতত ফিটনেস ধরে রেখে নতুন উদ্যমে ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।
Analysis | Habibur Rahman