.
রাজনীতি

ফেনী-২ আসনে জোট প্রার্থী মঞ্জুর বিজয়ে সর্বাত্মক ঝাঁপিয়ে পড়ার নির্দেশ জামায়াত নেতা তাহেরের

Email :18

১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই রমজান, ১৪৪৭ হিজরি সকাল ১০:১৪ সোমবার বসন্তকাল

আসন্ন জাতীয় নির্বাচনে ফেনী-২ (সদর) আসনটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে জামায়াতে ইসলামী। এই আসনে ১০-দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী এবং এবি পার্টির (আমার বাংলাদেশ পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুকে বিজয়ী করতে দলের নেতাকর্মীদের সর্বশক্তি দিয়ে মাঠে নামার নির্দেশ দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরফাইল ছবি: প্রথম আলো

সোমবার রাতে রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি (ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ) মিলনায়তনে অনুষ্ঠিত এক নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। ‘ঢাকায় ফেনী সদর উন্নয়ন পরিষদ’-এর ব্যানারে এই সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, এবারের নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জাতির জন্য এক সন্ধিক্ষণ। এই ক্রান্তিলগ্নে জাতির বৃহত্তর স্বার্থে ১০-দলীয় জোট গঠন করা হয়েছে। তাই জোটের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং মনোনীত প্রার্থীকে বিজয়ী করা জামায়াতের প্রতিটি নেতাকর্মীর নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। তিনি নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যের প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর পক্ষে বিরামহীন প্রচারণায় নামার আহ্বান জানান।

সভায় ফেনী-২ আসনের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে ফেনীর উন্নয়নে নিজের অতীত ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। জাতীয় রাজনীতির ব্যস্ততায় ফেনীতে পর্যাপ্ত সময় দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগের মাধ্যমে তিনি ফেনীবাসীর দীর্ঘদিনের দুশ্চিন্তা বন্যা নিয়ন্ত্রণে সাড়ে চার হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ পাস করাতে সক্ষম হয়েছিলেন।

স্বাস্থ্যখাতের উন্নয়নের চিত্র তুলে ধরে মঞ্জু বলেন, তার ব্যক্তিগত প্রচেষ্টায় ফেনী সদর হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত করা হয়েছে এবং একে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে রূপান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে। তিনি ভোটারদের উদ্দেশে প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘‘যদি জনগণ আমাকে রায় দিয়ে সংসদে পাঠায়, তবে দীর্ঘদিনের অবহেলিত ফেনী জেলাকে আমি একটি আধুনিক ও মডেল জেলায় রূপান্তর করব।’’

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান দলের সাংগঠনিক শৃঙ্খলার ওপর জোর দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কেন্দ্রের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য বজায় রেখে ফেনী জামায়াতের প্রতিটি নেতাকর্মী মজিবুর রহমান মঞ্জুকে বিজয়ী করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করবেন।

ফেনী ফোরাম ঢাকার সভাপতি এবং ঢাকা-৯ আসনে জামায়াতের প্রার্থী কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন ফেনী জেলা এবি পার্টির সদস্যসচিব ফজলুল হক, জেলা জামায়াতের অফিস সম্পাদক আবদুল মালেক, প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম এবং ফেনী শহর ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুকসহ অনেকে। বক্তারা ফেনীর উন্নয়নে যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তা উল্লেখ করে জোট প্রার্থীর পক্ষে গণজোয়ার তৈরির প্রত্যয় ব্যক্ত করেন।

Analysis | Habibur Rahman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts