১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই রমজান, ১৪৪৭ হিজরি বিকাল ৫:৪৫ সোমবার বসন্তকাল
দেশের শীর্ষস্থানীয় দুই গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে সরকারের চরম ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি মন্তব্য করেছেন, রাষ্ট্র ও প্রশাসনের দুর্বলতার সুযোগেই দেশে ‘মবতন্ত্র’ বা উচ্ছৃঙ্খল জনতার শাসন মাথাচাড়া দিয়ে উঠেছে। এই সংস্কৃতি কঠোর হাতে দমন না করলে গণতন্ত্রের ভবিষৎ অন্ধকার বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তারকা হোটেল রেডিসন ব্লু-তে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে দেশের শীর্ষ গণমাধ্যম ব্যক্তিত্ব ও সম্পাদকদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়।
আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি সংকট
সালাহউদ্দিন আহমদ তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সংবাদপত্রের কার্যালয় পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা কেবল অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিই নয়, বরং বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে ধূলিসাৎ করেছে। তিনি বলেন, “প্রথম আলো ও ডেইলি স্টারকে যেভাবে ভস্মীভূত করা হয়েছে, ‘বার্ন ডাউন টু দ্য গ্রাউন্ড’— এই ভয়াবহ দৃশ্য সারা বিশ্ব দেখেছে। জাতি হিসেবে এই লজ্জা ঢাকার জায়গা আমাদের নেই। কেবল দুঃখ প্রকাশ করে এই দায় এড়ানো সম্ভব নয়।”
গোয়েন্দা তথ্য ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
হামলার ঘটনায় সরকারের দায়িত্বহীনতার প্রসঙ্গ টেনে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “এ ধরনের ঘটনার আগে সাধারণত গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট প্রতিবেদন বা ‘প্রেডিকশন’ থাকে। আমরা জানতে পেরেছি, এক্ষেত্রেও তেমন রিপোর্ট ছিল। তাহলে প্রশ্ন জাগে, সেই গোয়েন্দা রিপোর্ট কেন আমলে নেওয়া হলো না?”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিলম্বিত প্রতিক্রিয়া নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি আরও বলেন, “শোনা যাচ্ছে, ঘটনার এক-দুই ঘণ্টা পর পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী সাড়া দিয়েছে। রাজধানীর বুকে এমন বিলম্বে সাড়া দেওয়ার কারণ কী, তা খতিয়ে দেখা প্রয়োজন।”
মবতন্ত্র বনাম গণতন্ত্র
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য লড়াই করছে, কিন্তু তার বদলে ‘মবতন্ত্র’ বা মবোক্রেসি প্রতিষ্ঠিত হতে পারে না। তিনি প্রশ্ন তোলেন, “আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি বা গণতন্ত্র। কিন্তু কেন আজ মবোক্রেসি বা মবতন্ত্র কায়েম হবে? কেন এই অপশক্তিকে লালন করা হচ্ছে?”
তিনি গণমাধ্যমকে সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে বলেন, “পত্রিকা হলো সমাজের আয়না। হামলার মাধ্যমে সমাজের সেই আয়নাটিই আজ চূর্ণবিচূর্ণ করে দেওয়া হয়েছে। তবে আমাদের প্রত্যাশা, সাংবাদিকদের বিবেক বা তাদের নিজস্ব দর্পণ যেন ভেঙে না যায়।”
তারেক রহমানের প্রত্যাবর্তন ও দলের অবস্থান
আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কথা বলতে গিয়ে সালাহউদ্দিন আহমদ জানান, এই প্রত্যাবর্তনকে কোনো ব্যক্তি বা দলকে ক্ষমতায়ন করার হাতিয়ার হিসেবে দেখছে না বিএনপি। তিনি বলেন, “তাঁর (তারেক রহমান) ফিরে আসাকে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং শক্তিশালী করার কাজে লাগাতে চাই। কোনো ব্যক্তিকে শক্তিশালী করা আমাদের উদ্দেশ্য নয়।”
তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি কোনো ধরনের ব্যক্তিকেন্দ্রিক বা দলীয় স্বৈরতন্ত্রকে প্রশ্রয় দেবে না। অতীত থেকে শিক্ষা নিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো গড়ে তোলাই দলের মূল লক্ষ্য।
উক্ত মতবিনিময় সভায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
Analysis | Habibur Rahman
