১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই রমজান, ১৪৪৭ হিজরি সন্ধ্যা ৭:২৮ সোমবার বসন্তকাল
সিলেটের দক্ষিণ সুরমায় ঘন কুয়াশার কারণে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স। রবিবার (৭ ডিসেম্বর) ভোররাত আনুমানিক ৩টার দিকে লালাবাজারস্থ রশিদপুর বাজার সংলগ্ন এলপিজি পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে তিনজন আরোহী আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে মহাসড়কে প্রচুর কুয়াশা থাকায় একটি পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৫৬৮৭) রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় মাধবপুরগামী অ্যাম্বুলেন্সটি (ঢাকা মেট্রো-ছ-৭১-১৯৫৭) কুয়াশার কারণে ট্রাকটিকে দেখতে না পেয়ে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার এসআই অমিত সাহার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা রাত ৪টার দিকে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতরা হলেন—হবিগঞ্জের মাধবপুর থানার খোকন (৪৫), রনি রায় (৪০) এবং মনিরুজ্জামান (৩২)। বর্তমানে তারা ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অ্যাম্বুলেন্সটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Analysis | Habibur Rahman

