জাতীয় সংসদে তারেক রহমান ও তার প্রয়াত ভাই আরাফাত রহমান কোকো-কে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছে। বুধবার (৮ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান।
আলোচনায় তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর হাতে দীর্ঘ ৯ মাস বন্দি থেকেও যে ধৈর্য ও দেশপ্রেমের পরিচয় একটি পরিবার দিয়েছে, তা ইতিহাসে বিরল। তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া সেই সময় তার দুই সন্তানসহ বন্দি ছিলেন এবং সেই কষ্টের সময় পার করেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার ভাই আরাফাত রহমান কোকো।
মুজিবুর রহমান আরও দাবি করেন, বেগম খালেদা জিয়াকে পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত। একইসঙ্গে ৯ মাস বন্দি থাকার প্রেক্ষাপটে তারেক রহমান ও তার ভাইকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে সম্মাননা দেওয়ার সময় এসেছে বলেও তিনি মত দেন।
তিনি বলেন, এই প্রস্তাব কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং ইতিহাসের একটি অধ্যায়ের যথাযথ মূল্যায়নের দাবি। তার মতে, একটি বৈষম্যহীন দেশ গড়তে হলে ইতিহাসের প্রতিটি ত্যাগকে স্বীকৃতি দেওয়া প্রয়োজন।
আরাফাত রহমান কোকোর বিষয়ে স্মৃতিচারণ করে তিনি বলেন, জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি নানা প্রতিকূলতার শিকার হয়েছেন এবং তার জীবন ছিল বেদনাবিধুর।
এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

