১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই রমজান, ১৪৪৭ হিজরি বিকাল ৩:৩০ সোমবার বসন্তকাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপে নিজেদের অবস্থান আরও সুসংহত করল বিএনপি। প্রথম দফায় ২৩৭ আসনে প্রার্থী ঘোষণার পর, এবার জোটের সমীকরণ মাথায় রেখে আরও ৩৬টি আসনে ধানের শীষের কান্ডারিদের নাম প্রকাশ করেছে দলটি। বৃহস্পতিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এবারের তালিকায় অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশাপাশি তরুণ ও জনপ্রিয় মুখের সমন্বয় ঘটানো হয়েছে। বিশেষ করে সিলেট-৪ আসনে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়ার মনোনয়ন রাজনৈতিক মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। এছাড়া টাঙ্গাইল-৫ আসনে যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মতো ‘হেভিওয়েট’ নেতারাও রয়েছেন চূড়ান্ত তালিকায়।
শরিকদের জন্য ছাড় ও কৌশল
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নির্বাচনী কৌশলের বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, ৩০০ আসনের মধ্যে যে আসনগুলোতে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলো মূলত জোটের শরিক দলগুলোর জন্য ফাঁকা রাখা হয়েছে। আলাপ-আলোচনার মাধ্যমে পরবর্তীতে ওই আসনগুলোর সুরাহা করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি দৃঢ়কণ্ঠে বলেন, “আজ যে ৩৬টি আসনে নাম ঘোষণা করা হলো, সেখানে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। তৃণমূলের চাওয়া এবং দলের নীতিনির্ধারকদের চুলচেরা বিশ্লেষণের পরেই এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।” এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
একনজরে ৩৬ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা:
উত্তরের জনপদ থেকে শুরু করে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম বিভাগ—সব জায়গাতেই যোগ্য প্রার্থীদের বেছে নিয়েছে বিএনপি। ঘোষিত তালিকা অনুযায়ী ধানের শীষের টিকিট পেলেন যারা:
ঢাকা ও আশপাশ:
- ঢাকা-৭: হামিদুর রহমান
- ঢাকা-৯: হাবিবুর রশিদ
- ঢাকা-১০: শেখ রবিউল আলম
- ঢাকা-১৮: এস এম জাহাঙ্গীর হোসেন
- গাজীপুর-১: মো. মজিবুর রহমান
- মানিকগঞ্জ-১: এস এ জিন্নাহ কবির
- মুন্সিগঞ্জ-৩: মো. কামরুজ্জামান
- টাঙ্গাইল-৫: সুলতান সালাউদ্দিন টুকু
- ফরিদপুর-১: খন্দকার নাসির উল ইসলাম
- রাজবাড়ী-২: মো. হারুন অর রশীদ
- মাদারীপুর-১: নাদিয়া আক্তার
- মাদারীপুর-২: জাহান্দার আলী খান
- কিশোরগঞ্জ-১: মো. মাজহারুল ইসলাম
- কিশোরগঞ্জ-৫: শেখ মজিবর রহমান
চট্টগ্রাম ও সিলেট বিভাগ:
- সিলেট-৪: আরিফুল হক চৌধুরী
- সুনামগঞ্জ-২: নাসির হোসেন চৌধুরী
- সুনামগঞ্জ-৪: নুরুল ইসলাম
- হবিগঞ্জ-১: রেজা কিবরিয়া
- কুমিল্লা-২: মো. সেলিম ভূঁইয়া
- চট্টগ্রাম-৩: মোস্তফা কামাল পাশা
- চট্টগ্রাম-৬: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী
- চট্টগ্রাম-৯: মোহাম্মদ আবু সুফিয়ান
- চট্টগ্রাম-১৫: নাজমুল মোস্তফা আমিন
- কক্সবাজার-২: আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ
উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল:
- ঠাকুরগাঁও-২: আবদুস সালাম
- দিনাজপুর-৫: এ কে এম কামরুজ্জামান
- নওগাঁ-৫: জাহিদুল ইসলাম ধলু
- নাটোর-৩: মো. আনোয়ারুল ইসলাম
- সিরাজগঞ্জ-১: সেলিম রেজা
- যশোর-৫: এম ইকবাল হোসেন
- নড়াইল-২: মো. মনিরুল ইসলাম
- খুলনা-১: আমির এজাজ খান
- পটুয়াখালী-২: মো. শহিদুল আলম তালুকদার
- বরিশাল-৩: জয়নাল আবেদিন
- ঝালকাঠি-১: রফিকুল ইসলাম জামাল
- ময়মনসিংহ-৪: মো. আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ
উল্লেখ্য, এর আগে গত ৩ নভেম্বর বিএনপি প্রথম ধাপে ২৩৭টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছিল। আজকের ৩৬টি নিয়ে মোট ২৭৩টি আসনে প্রার্থী চূড়ান্ত করল দলটি। বাকি ২৭টি আসন শরিকদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Analysis | Habibur Rahman
