.
বাংলাদেশ

জাতীয় কবির পাশে চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি; জানাজায় জনসমুদ্র, রাষ্ট্রীয় শোক

Email :44

১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই রমজান, ১৪৪৭ হিজরি দুপুর ১২:০৯ সোমবার বসন্তকাল

 রাষ্ট্রীয় মর্যাদায় ও লাখো মানুষের অশ্রুসজল ভালোবাসায় চিরবিদায় নিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশেই তাঁকে সমাহিত করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত তাঁর জানাজায় ঢল নামে সাধারণ মানুষের।

আজ শনিবার বিকেল ৩টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির মাজার প্রাঙ্গণে যখন ওসমান হাদির মরদেহ নামানো হয় কবরে, তখন এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। দেশের রাজনীতির অন্যতম এই তরুণ মুখকে শেষ বিদায় জানাতে সেখানেও ভিড় করেন হাজারো ছাত্র-জনতা।

ওসমান হাদির মরদেহ দাফনের জন্য নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধির পাশে । আজ শনিবার বিকেলেছবি: প্রথম আলো

সংসদ চত্বরে মানুষের ঢল
দুপুরের পর থেকেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ লোকে লোকারণ্য হতে শুরু করে। বেলা ২টার দিকে যখন ওসমান হাদির কফিনবাহী অ্যাম্বুলেন্স দক্ষিণ প্লাজায় পৌঁছায়, তখন পুরো এলাকা জনসমুদ্রে রূপ নেয়। জানাজায় অংশ নিতে সকাল থেকেই নিরাপত্তা বেষ্টনী ও আর্চওয়ে পেরিয়ে সুশৃঙ্খলভাবে সমবেত হতে থাকেন লাখো মানুষ। সংসদ ভবনের দক্ষিণাংশের দুটি মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ভিড় উপচে পড়ে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত।

জানাজায় বিশিষ্টজনদের উপস্থিতি
ওসমান হাদির জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মো. গোলাম পরওয়ার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের এবং ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর মরহুমের বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জানাজা সম্পন্ন হয়।

হামলা থেকে মৃত্যু: এক মর্মান্তিক ইতিবৃত্ত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ঠিক পরদিন, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে এক অতর্কিত হামলায় মাথায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। সংকটাপন্ন অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাঁকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে গত বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল শুক্রবার তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার পর রাখা হয়েছিল জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট হাসপাতালের মর্গে।

জনপ্রিয় এই ছাত্রনেতার মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। তাঁর অকাল প্রস্থানে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Analysis | Habibur Rahman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts