
ইসরায়েলের দক্ষিণ ও উত্তরাঞ্চলে একযোগে পাল্টা হামলা চালিয়েছে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ সময় দেশটির ১০০টিরও বেশি শহরে সতর্কসংকেত বেজে ওঠে, যা নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
শনিবার (২৮ মার্চ) গভীর রাতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হলে তা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে দক্ষিণাঞ্চলীয় নেগেভ অঞ্চলে সতর্ক সংকেত শোনা যায়। এই অঞ্চলে অবস্থিত ডিমোনা নিউক্লিয়ার প্ল্যান্টের আশেপাশে সতর্কতা আরও জোরদার করা হয়। একই সময়ে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট হামলা চালায়। পাশাপাশি গ্যালিলি অঞ্চলসহ ১০০টিরও বেশি শহরে সতর্কসংকেত বেজে ওঠে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও হিজবুল্লাহর রকেট এবং ড্রোনের অধিকাংশই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তবে এই হামলা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা এবং নাগরিকদের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলেছে।
এই ঘটনায় ইসরায়েল-ইরান-লেবানন অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করছে।